
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, সন্ত্রাস ও মাদকের বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না। এমনকি বিএনপি’র কোনো নেতা-কর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় একটি সড়কের ড্রেন নির্মাণ-কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস ও মাদক-মুক্ত সমাজ গঠনের ওপর জোর দিয়ে সংসদ সদস্য আমান উল্লাহ আমান আইন-শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধীর পরিচয় যাই হোক না কেন, সন্ত্রাস বা মাদকের সাথে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।
স্থানীয় জন-ভোগান্তি নিরসনে চলমান উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এলাকার যেসব স্থানে পানি প্রবাহের সমস্যা রয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেসব জায়গায় দ্রুত ড্রেন নির্মাণ করা হচ্ছে। অতি দ্রুত সময়ে সব এলাকার পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও তিনি উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন।

উক্ত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এতে অংশ নেন।