
ঢাকা জেলার সাভারের শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ ডজন খানেক মামলার আসামি বাবুল ওরফে কানা বাবুলের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে সাভারের দিলকুশা বাগ এলাকার নিজ বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দীর্ঘ হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়েছিলেন কানা বাবুল। বুধবার সন্ধ্যার দিকে তিনি নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত ১১টার দিকে প্রতিবেশীরা কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে রাত ১টার দিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কানা বাবুলের বিরুদ্ধে সাভার থানায় নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিহত কানা বাবুল সাভারের একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট ‘রাজ্জাক প্লাজা’র নাইট গার্ডকে হত্যাসহ একাধিক হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অন্তত এক ডজন মামলা রয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।