
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের জনগণের চাওয়ার চাপে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী।
সোমবার বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু বলেন, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার জনগণ আমাকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। জনগণের সেই আহ্বানে সাড়া দিয়েই আজ আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। জনগণই সকল ক্ষমতার উৎস এই বিশ্বাস থেকেই জনগণকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা ও মতামত বিএনপির হাইকমান্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এদিকে একই দিনে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আলহাজ কে এম আতিকুর রহমানও তাঁর মনোনয়নপত্র জমা দেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন জানান, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন গ্রহণের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।