
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই মুন্সীগঞ্জের বিভিন্ন বাজারে বসেছে ইফতার সামগ্রীর বাহারী দোকান। বিকেলের পর থেকেই এসব বাজারে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। জেলার সদর, সিরাজদিখান, শ্রীনগর ও টঙ্গীবাড়ী-সহ বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা যায়, দোকান গুলোতে সাজানো হয়েছে নানা রকম ইফতার সামগ্রী। ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, জিলাপি, কাবাব, টিকা, খেজুর-সহ বিভিন্ন মুখরোচক খাবারে ভরপুর প্রতিটি স্টল।
এছাড়া বাজার-গুলোতে উল্লেখযোগ্য ভাবে পাওয়া বিক্রমপুরের ঐতিহ্যবাহী মাঠা।
বিক্রেতারা জানান, রমজানের প্রথম দিন হওয়ায় ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। প্রতিদিন বিকেলের দিকে ইফতারকে ঘিরে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
এদিকে পথচারীদের পাশাপাশি অনেকেই বাড়ির জন্যও ইফতার সামগ্রী কিনে নিচ্ছেন। অফিস ফেরৎ মানুষ ও বিভিন্ন পেশার কর্ম-জীবীদের ভিড়ে জম-জমাট হয়ে উঠেছে বাজার-গুলো।
ক্রেতারা জানান, কর্ম-ব্যস্ততার কারণে অনেক সময় ঘরে ইফতার তৈরি করা সম্ভব হয় না। তাই বাজার থেকে প্রস্তুত ইফতার সামগ্রী কিনে নেওয়াই তাদের জন্য সহজ ও সময় সাশ্রয়ী।
সচেতন মহল মনে করছে, স্বাস্থ্যবিধি মেনে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রি নিশ্চিত করা গেলে ক্রেতাদের আস্থা আরও বাড়বে।