
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী পদ্মা সরকারি কলেজে আজ শনিবার (১৭ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও উপস্থিত অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা, তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. এ আর খান। প্রায় শতবর্ষ ছুঁই ছুঁই এই বরেণ্য শিক্ষাবিদ ও চিকিৎসক তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষা মানুষের মন ও চরিত্র গঠনের প্রধান হাতিয়ার। তবে সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া প্রকৃত শিক্ষা সম্ভব নয়। খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা বৃদ্ধি করে। আমি আজকের শিক্ষার্থীদের মধ্যে আগামী দিনের আলোকিত বাংলাদেশ দেখতে পাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল হোসেন। কর্মজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“এই কলেজ আমার জীবনের একটি বড় অধ্যায়। এখানকার শিক্ষকতা, শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গাঁথা থাকবে। আজ বিদায়ের সময় ঘনিয়ে এলেও এই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সাফল্যই আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।”
অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা ও নৈতিক মূল্যবোধ গঠনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। পদ্মা সরকারি কলেজ ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শেষে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।