
ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় এবং ভাব-গাম্ভীর্যের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতি বার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, দোহার প্রেসক্লাব, এনজিও, সমবায় সমিতি, শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি পুষ্প-স্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময়ে উপস্থিত সকলে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গ-কারী অগণিত শহিদদের স্মরণ করেন এবং তাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী রাজু আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার-সহ দোহার উপজেলায় মহান স্বাধীনতা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী-সহ সর্বস্তরের জনগণ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, হাসপাতাল, এতিমখানা, থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ-ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন।
দিবসটি উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জায় মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দোহার উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।