সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

রমজান এলেই কেন বাড়ে পণ্যর দাম? প্রশ্ন সাধারণ ক্রেতাদের

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রমজান মাসকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা’র বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

বাজার করতে এসে স্থানীয় বাসিন্দা বাবুল চৌধুরী বলেন, লেবুর হালি ১০০ টাকা, শসা কেজি ১০০ টাকার বেশি, বেগুন ১১০ টাকা। মুরগির দামও বেড়েছে। গরুর মাংস তো আমাদের সাধ্যের বাইরে। মাস শেষে সংসার চালানোই কঠিন হয়ে যায়।

তিনি আরও জানান, রমজানের আগে যেখানে ব্রয়লার মুরগি ১৫০ টাকায় বিক্রি হতো, এখন তা ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

একই বাজারে কথা হয় সেলিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, মাছের দাম যাই হোক, খেজুরের ভালো মানের কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, ভালোটা ১০০০ টাকাও চাইছে। আপেল ৩৫০ টাকা, মাল্টা ৩৩০ থেকে ৩৫০ টাকা। রমজান এলেই মনে হয় দোকানদারদের মধ্যে বেশি লাভ করার প্রতিযোগিতা শুরু হয়।

অন্যদিকে কাঁচাবাজারের একাধিক দোকানদার জানান, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা বলেন, আমরা কম দামে কিনলে কম দামে বিক্রি করি। কিন্তু পাইকারিতে দাম বেশি থাকলে আমাদেরও কিছু করার থাকে না।

ভোক্তারা মনে করেন, রমজান মাস এলেই বাজারে সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। তারা বলেন, নতুন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ রমজান মাসে বাজার মনিটরিং জোরদার করা হোক, সিন্ডিকেট ভাঙা হোক, তাহলে সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও বাজার তদারকি জোরদার করা হলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102