
মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় আহত অন্য এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।
(৩১ জানুয়ারী) শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাওয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রের নাম নাঈম (২৩) ও হাসপাতালে ভর্তি ছাত্রের নাম তানভির (২১)। তারা ঢাকার মিরপুর এলাকার মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ( সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ) ছাত্র বলে জানিয়েছে তানভিরের বন্ধুরা।
তানভিরের সঙ্গী-সাথীরা বলেন, মাওয়া এলাকায় ঘুরতে এসে পদ্মা নদীতে গোসল করতে নামে তানভির, সোহান ও নাঈম। নাঈম পানিতে ডুবে নিখোঁজ হয়। বাকি দু’জনের মধ্যে সোহান সুস্থ আছে। কিন্তু তানভিরকে আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতুর ৪ নং পিলালের কাছে ৩ জন ছাত্র পানিতে নামে। এর মধ্যে একজন-কে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাফিজ বলেন, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের সঙ্গী-সাথীরা যদি চান এখানে রাখতে তাহলে ভর্তি করে নেওয়া হবে। আর তারা না চাইলে নিয়েও যেতে পারেন।